ফোরকান ইসলাম
বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বেতাগীতে কলেজ, স্কুল ও মাদ্রাসাসহ উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত এবং যেকোনো ধরনের নাশকতা ও অস্থিতিশীলতা প্রতিরোধে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. সাদ্দাম হোসেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) সাবেক সভাপতি শাহজাহান কবির, বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক, নুরুল ইসলাম পান্না, প্রমুখ।
এ ছাড়া উপস্থিত ছিলেন বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ সমর কুমার বেপারী, বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শাহিন, বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেন এবং মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ ও শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখা, শিক্ষার্থী ও শিক্ষকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান হচ্ছে জ্ঞানচর্চা ও মানবিক মূল্যবোধ বিকাশের অন্যতম প্রধান কেন্দ্র। এসব প্রতিষ্ঠানে নিরাপত্তা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসন, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় এলাকার সার্বিক সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।