বরিশাল ডেক্সঃ
বরিশালের বানারীপাড়া উপজেলার ৪নং চাখার ইউনিয়ন পরিষদের প্রশাসক ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার, হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উপসচিব পদমর্যাদার কর্মকর্তার মাধ্যমে তদন্তের আবেদন করেছেন স্থানীয় বাসিন্দা মো. হারুন সিকদার।গত ১২ নভেম্বর ২০২৬ তারিখে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বরাবর লিখিত অভিযোগটি জমা দেন তিনি।অভিযোগপত্রে উল্লেখ করা হয়, হারুন সিকদার তাঁর মৃত মায়ের ওয়ারিশ সনদ ও মৃত্যু সনদ প্রদানের বিষয়ে গত ৪ অক্টোবর ২০২৬ তারিখে চাখার ইউনিয়ন পরিষদের প্রশাসক ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবি ও অনিয়মের অভিযোগ দায়ের করেন। অভিযোগে ইউনিয়ন পরিষদের প্রশাসক তনয় সিংহ এবং প্রশাসনিক কর্মকর্তা প্রকাশ কর্মকারের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর দাবি, সনদ প্রদানের ক্ষেত্রে তাঁর কাছ থেকে এক লাখ টাকা ঘুষ গ্রহণ করা হয়েছে এবং পরবর্তীতে বিষয়টি নিয়ে তিনি হয়রানির শিকার হচ্ছেন।লিখিত অভিযোগে আরও বলা হয়, বিষয়টি তদন্তের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হলেও তদন্তের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা রয়েছে। অভিযোগকারীর দাবি, অভিযুক্তদের সঙ্গে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাপ্তরিক ও ব্যক্তিগত পর্যায়ে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় স্থানীয় পর্যায়ে তদন্ত হলে প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।এ ছাড়া অভিযোগ প্রত্যাহারের জন্য তাঁকে বিভিন্নভাবে চাপ ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন হারুন সিকদার। এতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করেন।অভিযোগপত্রে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, হয়রানি, ভয়ভীতি প্রদর্শন এবং সরকারি দায়িত্ব পালনে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ তুলে ধরে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।হারুন সিকদার তাঁর আবেদনে উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিবর্তে জেলা প্রশাসকের কার্যালয় অথবা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উপসচিব পদমর্যাদার একজন নিরপেক্ষ কর্মকর্তার মাধ্যমে তদন্ত কার্যক্রম পরিচালনার অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে তদন্ত চলাকালে তাঁর ও পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানিয়েছেন।এ বিষয়ে সংশ্লিষ্ট অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে। অভিযোগগুলোর সত্যতা যাচাই করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী।