জয়নাল আবেদীন রাজু। বরগুনা জেলা প্রতিনিধি
উচ্চশিক্ষার পথে বাধা হয়ে দাঁড়াবে না আর্থিক অসচ্ছলতা, জেলা প্রশাসকের উদ্যোগে পেলেন আর্থিক সহায়তাবরগুনায় আর্থিক অসচ্ছলতাকে জয় করে অদম্য ইচ্ছাশক্তি, কঠোর অধ্যবসায় ও মেধার স্বাক্ষর রেখেছেন মিজ কনা রানী। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করা এই মেধাবী শিক্ষার্থী এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন নিয়ে প্রস্তুতি নিচ্ছেন। তাঁর উচ্চশিক্ষার স্বপ্নপূরণে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বরগুনা জেলা প্রশাসন।কনা রানী বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের কুমরাখালী গ্রামের বাসিন্দা। তাঁর পিতা গৌতম হাওলাদার। পরিবারের আর্থিক অসচ্ছলতা সত্ত্বেও পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ ও অধ্যবসায়ের মাধ্যমে তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন।এই মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ সুগম করতে এগিয়ে আসেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি জনাব সোহেল হাফিজ। তাঁর সার্বিক প্রচেষ্টা এবং বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তারের উদ্যোগে জেলা প্রশাসন, বরগুনার পক্ষ থেকে কনা রানীকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।জেলা প্রশাসনের এ উদ্যোগকে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য একটি মানবিক ও অনুপ্রেরণামূলক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আর্থিক সংকটের কারণে কোনো শিক্ষার্থীর শিক্ষাজীবন যেন থমকে না যায়, সে লক্ষ্যেই শিক্ষার প্রসার, মেধার বিকাশ এবং উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিতে জেলা প্রশাসনের এমন সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা করা হচ্ছে।একজন মেধাবী শিক্ষার্থীর স্বপ্নপূরণে সময়মতো সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া শুধু একটি আর্থিক সহায়তা নয়, বরং তাঁর ভবিষ্যৎ গড়ার পথে নতুন আশার আলো।মেধার বিকাশে, স্বপ্নপূরণের পথে—মেধাবী শিক্ষার্থীদের পাশে জেলা প্রশাসন, বরগুনা।