স্টাফ রিপোর্টার : আমিনুর ইসলাম
১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচির প্রতিবাদে মানিকগঞ্জে রাজপথে সক্রিয় অবস্থানে রয়েছেন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মানিকগঞ্জ সদর উপজেলায় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে শিবালয় উপজেলায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে সড়কে অবস্থান করেন।মানিকগঞ্জ সদর উপজেলায় যুবদল নেতা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও মেয়র পদপ্রার্থী মোঃ মাসুদ পারভেজের নেতৃত্বে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলে যুবদল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন তাঁরা। মিছিলে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।অন্যদিকে, লকডাউন কর্মসূচির প্রতিবাদে এবং ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে সড়কে অবস্থান নেন। তাঁদের নেতৃত্ব দেন মানিকগঞ্জ জেলা বিএনপির সদস্য সত্যেন কান্ত পণ্ডিত ভজন।এ সময় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও মেয়র পদপ্রার্থী মোঃ মাসুদ পারভেজ বলেন, “আমরা একটি সুন্দর, শান্তিপূর্ণ ও নিরাপদ মানিকগঞ্জ গড়ে তুলতে চাই। আমরা কারও সঙ্গে মারামারি, সংঘর্ষ কিংবা বিশৃঙ্খলায় জড়াতে চাই না। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে চাই। আমাদের রাজনীতি মানুষের কল্যাণের জন্য, মানুষের ক্ষতি করার জন্য নয়।”তিনি আরও বলেন, “মানিকগঞ্জের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে খারাপ আচরণ করে কিংবা এলাকায় অশান্তি সৃষ্টির চেষ্টা করে, তাহলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”তিনি অভিযোগ করে বলেন, মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় প্রায়ই ককটেল বিস্ফোরণ ও আতঙ্ক সৃষ্টির মতো ঘটনা ঘটছে। এসব ঘটনার সঙ্গে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের সম্পৃক্ততার অভিযোগ তুলে তিনি বলেন, এ ধরনের ঘটনা বন্ধ করতে হবে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মানিকগঞ্জে আর কোনো ধরনের সহিংসতা, নাশকতা কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড দেখতে চান না তাঁরা।মাসুদ পারভেজ আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু সেই মতপার্থক্যকে কেন্দ্র করে কোনোভাবেই সাধারণ মানুষের ক্ষতি করা যাবে না। মানিকগঞ্জের শান্তি, সম্প্রীতি ও মানুষের নিরাপত্তা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।এ সময় মোটরসাইকেল বহরের মাধ্যমে মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার কার্যক্রম পরিচালনা করেন নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় মহাসড়কের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।এদিকে, লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় রাজনৈতিক নেতাকর্মীদের তৎপরতা লক্ষ্য করা গেছে।