বরগুনা জেলা প্রতিনিধি। জয়নাল আবেদীন রাজু “
আমিষেই শক্তি, আমিষেই মুক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের ‘সুবর্ণজয়ন্তী’ সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগের যৌথ আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার।অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর, রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের পুষ্টি চাহিদা পূরণ, নিরাপদ ও মানসম্মত আমিষের উৎপাদন বৃদ্ধি এবং প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ খাতের উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা এবং খামারিদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা সম্ভব।বক্তারা আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন, রোগ প্রতিরোধ এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে খামারিদের সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের এ আয়োজনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা ও গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়বে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।